যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা ডিএমটিসিএলের
রাজধানীর কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশন ও এর প্রবেশপথের আশপাশে অবৈধ ও ভাসমান দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমটিসিএলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে থাকা ভাসমান দোকানপাট সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে স্টেশনের প্রতিটি গেটসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রীদের চলাচলের পথ দখলমুক্ত রাখা এবং পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ব্যস্ততম কারওয়ান বাজার এলাকায় অবস্থিত মেট্রোরেল স্টেশনটিতে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী চলাচল করেন। স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথের আশপাশে অবৈধ দোকান বা স্থাপনা থাকলে যাত্রী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এ কারণে স্টেশনসংলগ্ন এলাকা দখলমুক্ত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

