প্রবাসী বিশেষজ্ঞদের দেশে ফেরার আহ্বান • মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ডাক • প্রবাসী কার্ড ও পৃথক আবাসনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
“এখন থেকে আর ব্রেইন ড্রেইন নয়, আমরা চাই ব্রেইন ইন”—এই ঘোষণা দিয়ে বিদেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি বিশেষজ্ঞ, গবেষক, প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের মেধা, দক্ষতা ও বিনিয়োগ দেশে ফেরানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে মালয়েশিয়ার বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইসমাইল জবিউল্লাহ বলেন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা সরকারের অগ্রাধিকারে রয়েছে। মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তারা দেশে বিনিয়োগে এগিয়ে এলে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের মধ্যে শ্রমজীবী মানুষের পাশাপাশি শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের অর্জিত জ্ঞান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগানো প্রয়োজন। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে ফিরে কাজ করার আহ্বান জানান তিনি।
জুলাইয়ে ‘প্রবাসী কার্ডের’ পাইলট কার্যক্রম
প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগের কথাও জানান জনপ্রশাসন উপদেষ্টা। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে এর পাইলট কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
কার্ডধারীদের বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং এবং বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি কমিয়ে সেবা সহজ করার উদ্যোগের কথাও তুলে ধরেন।
প্রবাসীদের জন্য পৃথক আবাসনের পরিকল্পনা
ইসমাইল জবিউল্লাহ জানান, প্রবাসীদের জন্য পৃথক আবাসন ও বিনিয়োগ সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট থেকে শুরু করে পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের অন্যান্য এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে প্রবাসীদের বিনিয়োগ, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
কর্মসংস্থান ও কনস্যুলার সেবা নিয়ে প্রবাসীদের দাবি
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ায় কর্মসংস্থান ও কর্মপরিবেশ, পাসপোর্ট এবং অন্যান্য কনস্যুলার সেবা সহজ করার দাবি জানান। প্রবাসীদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও বলেন তারা।
সভায় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ শিক্ষাবিদ, গবেষক, প্রযুক্তিবিদ, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

