শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিপি দলনেতার গোপন তথ্যে কেশবপুরে পুলিশের অভিযান, গ্রেফতার ১

যশোরের কেশবপুরে ভিডিপি দলনেতার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালান ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ইব্রাহিম হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে চুরি ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অজ্ঞান পার্টির সদস্যদের অবস্থান শনাক্ত করেন কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. আলী হোসেন। পরে তিনি বিষয়টি চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শামীম হোসাইনকে দ্রুত অবহিত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআই শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চোরাচালান ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃত ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে চুরি ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ভিডিপি দলনেতা মো. আলী হোসেনের দেওয়া সময়োপযোগী তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

স্থানীয় পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা নিয়মিত তথ্য সংগ্রহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কেশবপুরের এ ঘটনায়ও ভিডিপি দলনেতা পুলিশকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের বিভিন্ন প্রান্তে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। অপরাধ দমন, অপরাধীদের শনাক্তকরণে তথ্য প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের এ ধরনের দায়িত্বশীল কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন