রাজবাড়ীর পাংশা উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব যন্ত্র তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরদুর্লভদিয়া গ্রামের ৩০ জন কৃষককে মিনি তেল নিষ্কাশন যন্ত্র দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এসব যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষকেরা নিজেদের উৎপাদিত তেলবীজ থেকে সহজেই তেল নিষ্কাশন করতে পারবেন। এতে একদিকে তেল উৎপাদনের প্রক্রিয়া সহজ হবে, অন্যদিকে কৃষকদের সময় ও উৎপাদন খরচ কমবে।
কৃষকদের নিজেদের উৎপাদিত তেলবীজ প্রক্রিয়াজাত করে তেল উৎপাদনের সুযোগ তৈরি হওয়ায় তেলজাতীয় ফসল চাষে তাদের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

