বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রাসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার রাত ৯টায় নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। একই সময়ে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সোমবার রাত থেকে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আকাশও রয়েছে ঘন মেঘে ঢাকা।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও সমুদ্রের পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে।

এদিকে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলেদের সতর্কতার সঙ্গে সমুদ্রে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন