সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পাংশায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা পাংশা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

সমাবেশে হারুন-অর-রশিদ বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে। তাঁর দাবি, নির্বাচনের পর দেশের উন্নয়ন ও সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন দেশব্যাপী জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ সময় ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে নেতাকর্মীদের আগামী সাত দিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের ইউনিয়ন, ওয়ার্ড ও বাজার পর্যায়ে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

হারুন-অর-রশিদ বলেন, বিএনপি দেশের সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়। অতীতে যারা বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করেছেন, তাদের বাড়িঘর ছাড়তে হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লুৎফর রহমান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার এবং পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পাংশা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন