মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ–ইউনান সহযোগিতায় নতুন সম্ভাবনা, বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশ। একই সঙ্গে দুই পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও বিস্তৃত করার বিষয়ে ঐকমত্য পোষণ করেছে।

সোমবার চীনের ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের (ইউনান এফএও) মহাপরিচালক ইয়াং শাওছেংয়ের সঙ্গে কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল শাহানাজ আখতার রানুর সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কনসাল জেনারেল শাহানাজ আখতার রানু দুই অঞ্চলের মধ্যকার বর্তমান সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক খাতে সহযোগিতার নতুন সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা আরও গভীর ও বিস্তৃত করার সুযোগ রয়েছে। বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর অংশীদারত্বে রূপ দিতে উভয় পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় ইউনান এফএওর মহাপরিচালক ইয়াং শাওছেং নবনিযুক্ত কনসাল জেনারেলকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানান। তিনি বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন।

ইয়াং শাওছেং জানান, গত বছর ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। চলতি বছর দুই পক্ষের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে আরও ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও ইউনানের মধ্যকার সম্পর্ক আরও বহুমাত্রিক করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাতে কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের চ্যান্সারি নির্ধারিত কনস্যুলার অধিক্ষেত্রে স্থানান্তরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট পর্যায়ে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশ ও ইউনান প্রদেশের জনগণের মধ্যে যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক বাড়াতে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করে।

উল্লেখ্য, শাহানাজ আখতার রানু গত ১২ আগস্ট কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের মহাপরিচালকের সঙ্গে এ সাক্ষাৎ দুই পক্ষের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন