অনুসরণ করুন:
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্প শেষ হবে ২০২৯ সালের জুনে: সড়কমন্ত্রী

আগামী ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণকাজ শেষ করে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। ছয় লেন প্রকল্পটি অনেক আগে নেওয়া হলেও সাড়ে চার বছর পেরিয়ে গেলেও এর বাস্তব অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, গত ছয় মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ফলে প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে। আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব বিচ্যুতি বা প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো অতিক্রম করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মহাসড়কটির নির্মাণকাজে মোট ১৩টি প্যাকেজ রয়েছে। এর মধ্যে পাঁচটি প্যাকেজের কাজের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। তবে বাকি আটটি প্যাকেজের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।

সড়কমন্ত্রী বলেন, বর্তমানে প্রকল্পের কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও নির্মাণকাজের কারণে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। দীর্ঘ সময় প্রকল্পের কাজে তেমন অগ্রগতি না থাকায় এখন নির্মাণকাজ এগিয়ে নিতে গিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পটির ভূমি অধিগ্রহণ ছিল অন্যতম বড় সমস্যা। তবে প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে সেই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। যেসব অংশে ভৌত কাজের অগ্রগতি সন্তোষজনক নয়, সেসব এলাকায় কাজ আরও জোরদার করার চেষ্টা চলছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন