অনুসরণ করুন:
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সামাজিক নিরাপত্তার সুবিধা প্রকৃত অসহায়দের নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

তিনি বলেন, কোনো অনিয়ম বা অবহেলার কারণে যেন প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দিনের কর্মসূচির শুরুতে বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ফারজানা শারমিন পুতুল। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তিনি।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

বয়স্ক, বিধবা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা ভাতা প্রসঙ্গে ফারজানা শারমিন পুতুল বলেন, ‘আর কোনো মা-বাবা তাদের ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না।’ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীরা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পরে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বিকেলে স্থানীয় সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দিনের শেষ পর্যায়ে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজনুয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ডা. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন