অনুসরণ করুন:
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ দুই বোন, সাদুল্লাপুরে আনন্দের উচ্ছ্বাস

একই দিনে পৃথিবীর আলো দেখা, একই বিদ্যালয়ে লেখাপড়া আর এবার একই সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যমজ দুই বোনের সাফল্যের গল্প এখন সবার মুখে মুখে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পেয়েছে মোছা. মারিয়াম আক্তার মিথিলা ও মোছা. মারিয়াম আক্তার মিমুন।
উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তারা এ সাফল্য অর্জন করে। ফলাফল প্রকাশের পর পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। দুই বোনের এই অর্জনকে ঘিরে বিদ্যালয় ও এলাকায় বইছে প্রশংসার জোয়ার।
জানা গেছে, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তাদের গভীর আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, শিক্ষকদের পরামর্শ অনুসরণ এবং পরিবারের সার্বক্ষণিক সহযোগিতার ফলেই তারা এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মিথিলা ও মিমুন বলেন, “একসঙ্গে জিপিএ-৫ অর্জন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান অপরিসীম। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
মেয়েদের এমন গৌরবময় সাফল্যে উচ্ছ্বসিত বাবা, সাংবাদিক মামুনুর রশিদ মামুন বলেন, “দুই মেয়ের এই অর্জন আমাদের পরিবারের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তারা যেন ভবিষ্যতেও সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সেজন্য সবার দোয়া কামনা করছি।”
খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “মিথিলা ও মিমুনের এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। তাদের অধ্যবসায়, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
স্থানীয় সচেতন মহলের মতে, যমজ দুই বোনের এই অনন্য সাফল্য শুধু তাদের পরিবার বা বিদ্যালয়ের গর্ব নয়; এটি পুরো এলাকার শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। স্বপ্ন, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে যে সাফল্য অর্জন করা সম্ভব, মিথিলা ও মিমুন তারই জীবন্ত উদাহরণ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন