শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বীরগঞ্জে বিদেশফেরত যাত্রীকে ফেলে চলে গেল বাস, ৯৯৯-এ উদ্ধার পাসপোর্ট-লাগেজ

দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশরুমে যাওয়ার পর এক বিদেশফেরত যাত্রীকে ফেলে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। তবে ওই বাসে থাকা দুইটি পাসপোর্ট, প্লেনের টিকিট ও বিদেশ থেকে আনা লাগেজসহ মালামাল ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বীরগঞ্জ থানাধীন দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, সৌদি আরবপ্রবাসী মোজাম্মেল ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। পথে দিনাজপুরের দশমাইল এলাকায় যাত্রী ওঠানোর জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান।

ওয়াশরুম থেকে ফিরে এসে মোজাম্মেল দেখতে পান, বাসটি তাকে রেখে চলে গেছে। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। তিনি জানান, বাসটিতে তার দুইটি পাসপোর্ট, একটি প্লেনের টিকিট এবং বিদেশ থেকে নিয়ে আসা বিভিন্ন মালামালসহ লাগেজ রয়েছে।

কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন। বিষয়টি দ্রুত সমাধানে উদ্ধার তৎপরতা তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মান্নান।

৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাওয়ার পর বীরগঞ্জ থানার একটি টহল দল দ্রুত অভিযান চালিয়ে শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামায়। পরে বাস থেকে সৌদি প্রবাসী মোজাম্মেলের দুইটি পাসপোর্ট, লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পরবর্তীতে মোজাম্মেল থানায় উপস্থিত হলে উদ্ধার করা পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তাৎক্ষণিক সমন্বয়ে বিদেশফেরত ওই যাত্রী তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল ফিরে পান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন