শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ অপচয় রোধে মাঠে আনসার-ভিডিপি, চলছে জনসচেতনতামূলক প্রচারণা

দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে লোডশেডিংয়ের চাপ কমানো, বিদ্যুতের অপচয় রোধ এবং জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ করছেন আনসার-ভিডিপির সদস্যরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বদরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দলনেতার উদ্যোগে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক ভবন, দোকানপাট, হোটেল ও জনসমাগমস্থলে গিয়ে অপ্রয়োজনীয় বাতি, ফ্যান এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার বিষয়ে মানুষকে সচেতন করেন আনসার-ভিডিপির সদস্যরা। এ সময় বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

আনসার-ভিডিপির সদস্যদের এ উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যায়। প্রচারণাকালে অনেকে তাৎক্ষণিকভাবে অপ্রয়োজনীয় বাতি, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে দেন। একই সঙ্গে উদ্যোগটির প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।

আনসার-ভিডিপির সদস্যরা বলেন, এ কার্যক্রমের উদ্দেশ্য শুধু লিফলেট বিতরণ বা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ ব্যবহার কমানো নয়; বরং মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরি করা। যাতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত বিদ্যুৎ অপচয় রোধে ভূমিকা রাখেন। একজন নাগরিকের ছোট্ট সাশ্রয়ী উদ্যোগ সম্মিলিতভাবে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যুৎ সাশ্রয় শুধু সরকারের একার দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব রয়েছে। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধ রেখে সরকারের উদ্যোগে সহযোগিতা করা প্রয়োজন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে বাহিনীর এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন