মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন সেনাপ্রধানের, ‘সেনানীড়-৩’ উদ্বোধন

কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি বাহিনীর এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুদৃঢ় করতে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বার্ষিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেন সেনাপ্রধান।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান এয়ার ডিফেন্স কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সেনাসদস্যদের পেশাগত দক্ষতা ও অপারেশনাল প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেন।

একই দিনে রামু সেনানিবাসে নবনির্মিত ১০ তলাবিশিষ্ট ‘সেনানীড়-৩’ উদ্বোধন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ও অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে ভবনটি নির্মাণ করা হয়েছে। এতে আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন