মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে তিন দশক পূর্তি উদযাপন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন করা হয়।

তিন দশকের শিক্ষা-গবেষণার অগ্রযাত্রা নিয়ে আলোচনা

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে তিন দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডিসিপ্লিনের শিক্ষক ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. গোলাম হোসেন।

এ ছাড়া ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। তারা গত তিন দশকে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি এবং অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা কৃষি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা-গবেষণায় ডিসিপ্লিনটির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার পরিধি বাড়িয়ে দেশের কৃষি খাতে আরও কার্যকর অবদান রাখার ওপর গুরুত্ব দেন।

সাংস্কৃতিক সপ্তাহের বিজয়ীদের পুরস্কার

তিন দশক পূর্তির আয়োজনের পাশাপাশি বিকেলে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬’-এর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে ডিসিপ্লিনটির তিন দশকের পথচলা উদযাপনের পাশাপাশি শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন