অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ দমনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করুন: রাষ্ট্রপতি

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দুষ্টের দমনে পুলিশকে অত্যন্ত কঠোর এবং শিষ্টের প্রতি ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন তিনি।

অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণা চালানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার নির্দেশ

বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার জন্য পুলিশকে নির্দেশনা দেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জন করাও পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

পুলিশ বাহিনীর আধুনিকায়ন নিয়ে আইজিপির অবহিতকরণ

সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন