শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

৬৪ জেলার তদারকিতে নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। এ লক্ষ্যে তাদের বিভিন্ন জেলার দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ পেয়েছেন রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব। ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন দায়িত্ব পেয়েছেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার। আব্দুল আউয়াল মিন্টুকে লক্ষ্মীপুর, নিতাই রায় চৌধুরীকে চুয়াডাঙ্গা এবং খন্দকার আবদুল মুক্তাদিরকে হবিগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আরিফুল হক চৌধুরীকে মৌলভীবাজার, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে চট্টগ্রাম এবং এম রশিদুজ্জামান মিল্লাতকে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

আসাদুল হাবিব দুলু দায়িত্ব পেয়েছেন ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার। মো. আসাদুজ্জামানকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এবং জাকারিয়া তাহেরকে ফেনী ও নোয়াখালী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদের মধ্যে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, সাচিং প্রু কক্সবাজার এবং মো. শরীফুল আলম টাঙ্গাইল ও নরসিংদী জেলার দায়িত্ব। মিস শামা ওবায়েদ ইসলাম দায়িত্ব পেয়েছেন মাদারীপুর ও শরীয়তপুর জেলার।

অনিন্দ্য ইসলাম অমিতকে মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ, আব্দুল বারীকে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এবং সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলার। হাবিবুর রশিদকে গাজীপুর ও নারায়ণগঞ্জ এবং মো. রাজীব আহসানকে বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া মীর শাহে আলম পেয়েছেন রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম; মিজ্ ফারজানা শারমিন সিরাজগঞ্জ ও পাবনা; শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল এবং ইয়াসের খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন।

আহমেদ সোহেল মঞ্জুরকে বরিশাল, ভোলা ও ঝালকাঠি, মোহাম্মদ শামীম কায়সারকে জয়পুরহাট ও নওগাঁ, আলহাজ্ব মো. জি কে গউসকে সিলেট ও সুনামগঞ্জ, মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদকে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা গেজেটে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। একই সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে প্রয়োজনীয় তদারকি ও সমন্বয় করবেন।

এ ছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি তদারকির পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবেন তারা।

গেজেটে আরও বলা হয়েছে, প্রয়োজনবোধে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন