সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল প্রতিরক্ষা ব্যবস্থা

সৌদি স্থাপনায় ছয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের; ইয়েমেনে জোটের বিমান হামলায় নিহত ৩৩

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার (৮ নভেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি এ তথ্য জানান। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে স্থানীয় সময় শনিবার ইয়েমেনের সানা প্রদেশের আল-শারিয়া গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হন। আহত হন আরও অনেকে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের সময়ও দুই দফা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা।

সৌদি স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুতিদের

জোটের বিমান হামলার জবাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ছয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানোর দাবি করেছে হুতিরা।

গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খুরাইস ও দাওয়াদমি এলাকায় সৌদি আরামকোর তেল স্থাপনা এবং সীমান্তবর্তী বিভিন্ন সামরিক অবস্থান ছিল এসব হামলার লক্ষ্য। হামলায় সৌদি সেনাদের হতাহতের দাবিও করেছে গোষ্ঠীটি।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ছয়টি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে। প্রথম অভিযানটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, তেলের মজুত ট্যাংক ও আরামকোর একটি ডিস্টিলেশন টাওয়ার লক্ষ্য করে চালানো হয়। দ্বিতীয় অভিযান চালানো হয় খুরাইসে অবস্থিত আরামকোর স্থাপনায়।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সিরিয়ার সামরিক সহযোগিতা সৌদি আরবকে

এদিকে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সামরিক পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে সিরিয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার কয়েক ডজন সামরিক সদস্য সৌদি আরবে গেছেন। তাঁরা সৌদি ও ইয়েমেনি সেনাদের যুদ্ধ সক্ষমতা বাড়াতে কাজ করছেন।

তবে ইয়েমেনে সরাসরি সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দামেস্ক।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন