সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

ইসরায়েলে নেতানিয়াহুর বিকল্প হিসেবে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

৬৭ আইনপ্রণেতার সমর্থন নিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন ইয়াশার পার্টির নেতা; সংখ্যাগরিষ্ঠতা পেতে সময় ২৮ দিন

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তাঁকে সরকার গঠনের ম্যান্ডেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আইজেনকোটকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রোববার আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতে সরকার গঠনের ম্যান্ডেট তুলে দেওয়া হবে।

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষ

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ অবস্থায় সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নির্ধারণে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট হারজোগ।

ইয়াশার পার্টির নেতা আইজেনকোটকে আরব-নেতৃত্বাধীন দলগুলোসহ মোট ৬৭ জন আইনপ্রণেতা সমর্থন দিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১ আসনের সমর্থন নিশ্চিত করতে আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

নির্বাচনে আইজেনকোটের চারদলীয় জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। আর ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে।

সরকার গঠনে কঠিন সমীকরণ

আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইজেনকোট। তাদের সমর্থন নিলে তাঁর জোটের আসনসংখ্যা দাঁড়াত ৬৭। এখন কট্টর অর্থোডক্স দুটি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসকে নিজের পক্ষে টানতে পারলে প্রয়োজনীয় ৬১ আসনের সমর্থন পাবেন তিনি।

তবে পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হতে পারলে ৬১টির কম আসনের সমর্থন নিয়েও সরকার গঠন করা সম্ভব।

অধিকৃত পশ্চিম তীর থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, আইজেনকোটের পক্ষে সবচেয়ে বেশি আইনপ্রণেতা সুপারিশ করায় তাঁকে বেছে নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ‘অনুমিত পথই বেছে নিয়েছেন’।

নূর ওদেহ বলেন, নেসেটে আস্থা ভোটে টিকে থাকতে পারে—এমন সরকার গঠন করাই এখন আইজেনকোটের জন্য কঠিন চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে নির্বাচনি প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি খুব বেশি ভঙ্গ না করা এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোটের বিরোধিতা মোকাবিলা করে সরকার টিকিয়ে রাখা—দুটি বিষয় তাঁকে সামলাতে হবে।

সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচন

নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট হারজোগ অন্য একজনকে মনোনীত করবেন। দ্বিতীয় মনোনীত ব্যক্তিও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবেন। শেষ সুযোগ হিসেবে ওই প্রার্থী ১৪ দিন সময় পাবেন।

এরপরও সরকার গঠন সম্ভব না হলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করা হবে। সে ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুই দায়িত্ব পালন করবেন।

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধীরা

আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

১১টি আসন পাওয়া আরব-নেতৃত্বাধীন দলগুলোর জোট জয়েন্ট লিস্টের জ্যেষ্ঠ সদস্য আহমাদ তিবি শনিবার আল জাজিরাকে বলেন, প্রেসিডেন্ট হারজোগের সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল। আইজেনকোট ও নেতানিয়াহুর মধ্যে সম্ভাব্য ক্ষমতা ভাগাভাগির চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁরা আশঙ্কা করেছিলেন, প্রেসিডেন্ট হয়তো জাতীয় ঐক্যের সরকার গঠনের পথে হাঁটবেন।

তিবির ভাষ্য অনুযায়ী, তা না হওয়ায় আরব-নেতৃত্বাধীন দলগুলো সরকার গঠনের ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে আইজেনকোটকে সমর্থন দিয়েছে। এতে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে গেছেন।

তিবি মনে করেন, আইজেনকোট আরব দলগুলোকে বাইরে রেখে তাদের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের দিকে এগোচ্ছেন। আরব-নেতৃত্বাধীন দলগুলোর কাছে এটি ‘স্বপ্নের সরকার’ না হলেও নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মটরিচের সরকারকে ক্ষমতা থেকে সরানোই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

আরব দলগুলোর সমর্থন নিয়ে নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রেসিডেন্টের সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু সতর্ক করে বলেন, আরব-নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে বিরোধী জোট সরকার গঠন করলে তা ইসরায়েলের পতন ডেকে আনবে।

রেকর্ড করা এক ভিডিও ভাষণে তিনি বলেন, ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল সরকার ইসরায়েল রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেবে। ইউরোপের দেশগুলোর পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন, সেখানে যা ঘটছে, ইসরায়েলে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

ইউরোপের কিছু অংশ ইসলামি আইনের অধীনে চলে গেছে—উগ্র ডানপন্থী রাজনীতিকদের এমন দাবির প্রতিধ্বনি শোনা গেছে নেতানিয়াহুর বক্তব্যেও।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন