শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, দুই বাংলাদেশিকে খুঁজছে ব্রিটিশ পুলিশ

পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে ২০২৪ সালের আগস্টে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের তদন্তে দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। তাঁদের সঙ্গে কথা বলতে চায় পুলিশ। এ জন্য সন্দেহভাজন দুই ব্যক্তির নাম ও ছবি প্রকাশ করে জনসাধারণের সহযোগিতা চেয়েছে তদন্তকারীরা।

তাঁরা হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। পুলিশের ধারণা, শওকত এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন। অন্যদিকে জাহিদুল বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন। দুজনেরই লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে যোগাযোগ রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং মেট্রোপলিটন পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর দুই ব্যক্তির নাম প্রকাশ করে নতুন করে তাঁদের সন্ধান চাওয়া হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর পুলিশ তাঁদের ছবি প্রকাশ করে তথ্য চেয়েছিল।

২০২৪ সালের আগস্টে ঘটনার তদন্ত শুরু

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন—এমন অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়।

ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, হোয়াইটচ্যাপেল রোডে দুই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। পরে তাঁরা তাঁকে কাছের উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে যান, যেখানে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। পরবর্তী সময়ে এক পথচারী কিশোরীকে উদ্ধার করে সহায়তা করেন।

একজন যুক্তরাজ্যে, অন্যজন বাংলাদেশে থাকতে পারেন

তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা অ্যানা ডেইটন জানিয়েছেন, শওকত আহমেদের এখনো যুক্তরাজ্যে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জাহিদুল হাসান জায়গীরদার বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বরের জনসাধারণের প্রতি আহ্বানের দিনই দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই আহ্বানের পর পাওয়া তথ্য তদন্তকে এগিয়ে নিতে সহায়তা করেছে। এখন তাঁদের অবস্থান শনাক্ত করতে নতুন করে জনসাধারণের সহযোগিতা চাওয়া হচ্ছে।

১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

তদন্তকারীরা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারসহ বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী ও তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যানা ডেইটন দুই ব্যক্তির অবস্থান সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাঁদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

যুক্তরাজ্যের স্বাধীন দাতব্য সংস্থা ক্রাইমস্টপার্সের লন্ডন আঞ্চলিক ব্যবস্থাপক অ্যালেক্সা লুকাস বলেছেন, দুই ব্যক্তিকে শনাক্ত করার পর তাঁদের অবস্থান খুঁজে বের করা তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়ে তিনি যেকোনো তথ্য জানাতে অনুরোধ করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দণ্ডিত করার মতো তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে ক্রাইমস্টপার্স।

তথ্য জানাবেন যেভাবে

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় কারও কাছে তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে 01/668295/24 রেফারেন্স উল্লেখ করতে হবে। চাইলে ক্রাইমস্টপার্সের মাধ্যমে 0800 555 111 নম্বরে পরিচয় গোপন রেখেও তথ্য দেওয়া যাবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন