হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের সততা ও দায়িত্বশীলতায় প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের দুটি ডায়মন্ডের আংটি ফিরে পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর নুর-ই-আলম সিদ্দিকী।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের হেভি লাগেজের ৬ নম্বর গেট এলাকায় স্ক্যানিং মেশিনের পাশে পড়ে থাকা আংটি দুটি উদ্ধার করেন দায়িত্বে থাকা নারী আনসার সদস্য রুনা আক্তার ও আনসার সদস্য মো. নাসির উদ্দীন।
জানা গেছে, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চেকিং শেষে অসাবধানতাবশত আংটি দুটি সেখানে ফেলে যান মেজর (অব.) নুর-ই-আলম সিদ্দিকী। পরে আংটি দুটি পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন আনসার সদস্যরা। নিরাপত্তা কর্মকর্তার (ডিএসও) নির্দেশনা অনুযায়ী মূল্যবান অলংকার দুটি আনসার বাহিনীর হেফাজতে রাখা হয়।
এদিকে, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্তৃপক্ষের মাইকিং শুনে আংটি হারানোর বিষয়টি জানাতে ঘটনাস্থলে আসেন প্রকৃত মালিক। তাঁর দেওয়া বিবরণ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে আংটি দুটির মালিকানা নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
পরে পিসি নিজাম উদ্দিন, পিসি আলমগীর হোসেন ও পিসি দোলন মিয়ার উপস্থিতিতে ডায়মন্ডের আংটি দুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।
মূল্যবান অলংকার ফিরে পেয়ে আনসার সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের প্রশংসা করেন মেজর (অব.) নুর-ই-আলম সিদ্দিকী। এ ঘটনায় বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠার বিষয়টি উঠে এসেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

