বই পড়ার অভ্যাস গড়ে তোলা, পাঠকদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনে তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পাঠাভ্যাসকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিডার’স টেবিল’। বইকে কেন্দ্র করে পাঠকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সৃজনশীল ও পাঠকবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বই পর্যালোচনা বা বুক রিভিউ প্রতিযোগিতা, পাঠক আড্ডা এবং বিশিষ্ট লেখক ও গুণী ব্যক্তিদের অংশগ্রহণে অনলাইন লাইভ আলোচনা। এসব আয়োজনের মাধ্যমে নতুন পাঠকদের বইয়ের প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি নিয়মিত পাঠকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
সংগঠনটির উদ্যোক্তাদের মতে, বই পড়া কেবল ব্যক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যম নয়; এটি মানুষের চিন্তাশক্তি, সৃজনশীলতা, মূল্যবোধ ও বিশ্লেষণী ক্ষমতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই উপলব্ধি থেকেই পাঠকদের জন্য একটি সুস্থ, ইতিবাচক ও মননশীল পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে ‘রিডার’স টেবিল’।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মিনহাজুর রহমান জিহাদ বলেন, “আমরা শুধু বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের লক্ষ্য হলো পাঠকদের একে অপরের সঙ্গে যুক্ত করা এবং চিন্তাভাবনা ও অভিজ্ঞতা আদান-প্রদানের জন্য একটি সুস্থ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা। এ উদ্যোগকে আরও বিস্তৃত করতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন পাঠক সার্কেল তৈরির চেষ্টা করছি।”
তিনি আরও জানান, পাঠকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি এবং সম্মিলিত জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
‘রিডার’স টেবিল’-এর লক্ষ্য এমন একটি পাঠকসমাজ গড়ে তোলা, যেখানে বই নিয়ে আলোচনা, মতবিনিময় এবং নতুন চিন্তার বিকাশের সুযোগ থাকবে। বিশেষ করে তরুণদের মধ্যে পাঠাভ্যাস ছড়িয়ে দিয়ে একটি সচেতন, যুক্তিবাদী ও জ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা সংগঠনটির।
উদ্যোক্তারা মনে করেন, তরুণ প্রজন্মকে বইমুখী করতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে উৎসাহ এবং সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যমসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ইতিবাচক অংশগ্রহণ এ ধরনের উদ্যোগকে আরও এগিয়ে নিতে পারে।
বইয়ের মাধ্যমে মানুষকে যুক্ত করা এবং পাঠাভ্যাসকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় তরুণদের সংগঠন ‘রিডার’স টেবিল’।

