শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জনগণের কথা সংসদে বলতে না দেওয়ায় রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় মন্তব্য করে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ নানা ধরনের দুর্ভোগ ও কষ্টের মধ্যে পড়েছেন। জনগণের এসব দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তবে সরকার তাদের কথা বলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।’

এর আগে শনিবার সকালে মানিকপোটল (মরিচতলা) গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। তিনি মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে অভ্যর্থনা জানান। এ সময় হাত নেড়ে উপস্থিত মানুষের শুভেচ্ছার জবাব দেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন