শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সরকার ও আইএসডিবি গ্রুপের মধ্যে একটি অর্থায়ন চুক্তি সই হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে সই করেন।

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন বাড়বে। এর ফলে দেশে পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

জ্বালানি খাতসংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের মোট চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হবে। এতে জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

বর্তমানে দেশের জ্বালানি চাহিদার বড় একটি অংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়। ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা সম্প্রসারণের মাধ্যমে দেশে অপরিশোধিত তেল পরিশোধনের পরিমাণ বাড়ানো গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার প্রভাব মোকাবিলায়ও কিছুটা সক্ষমতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পকে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি তেলের আমদানিনির্ভরতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন