শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আনসার সদস্যদের যাতায়াত সহজ করতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ বাস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের ডিউটি পোস্টে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের দুটি বাস এ সেবায় যুক্ত করা হয়েছে। বাসগুলোর ভাড়া পরিশোধ করবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসার (উত্তর) জোনের জোন অধিনায়ক মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে মো. রবিউল ইসলাম বলেন, বিমানবন্দরে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। বাহিনীর মহাপরিচালক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উদ্যোগে নেওয়া এ পদক্ষেপকে তিনি একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তিনি দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যাত্রীসেবা ও বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

যাতায়াতের দুর্ভোগ কমবে

সংশ্লিষ্টরা জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকারী অঙ্গীভূত আনসার সদস্যদের একটি বড় অংশকে নিয়মিত ডিউটি পোস্টে যাতায়াত করতে দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হতো। বিশেষ করে ডিউটির সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানো এবং দায়িত্ব শেষে নিরাপদে ফিরে যাওয়ার ক্ষেত্রে পরিবহন সংকট ছিল অন্যতম সমস্যা।

বিশেষ বাস সার্ভিস চালু হওয়ায় এখন আনসার সদস্যরা নির্ধারিত সময়ে ও তুলনামূলক নিরাপদ পরিবহনের মাধ্যমে কর্মস্থলে যাতায়াতের সুযোগ পাবেন। এতে তাদের সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয়ের পাশাপাশি দায়িত্ব পালনে আরও স্বাচ্ছন্দ্য তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাস সার্ভিস চালুর ফলে অল্প সময়ে নিরাপদে ডিউটি পোস্টে পৌঁছানো সম্ভব হবে। এতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত আনসার সদস্যদের কর্মদক্ষতা, দায়িত্ব পালনের গতিশীলতা এবং কর্মস্পৃহা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বছরে ৪২ লাখ টাকার বেশি ভাড়ায় বাস দুটি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, ওয়েলফেয়ার ট্রাস্টের দুটি বাস সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে বার্ষিক ৪২ লাখ ৪৫ হাজার ৬৮০ টাকা ভাড়ায় দেওয়া হয়েছে। এ ভাড়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ পরিশোধ করবে।

সংশ্লিষ্টরা বলছেন, আনসার সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করতে পরিবহন সুবিধাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সময়মতো ডিউটি পোস্টে উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে নতুন এ বাস সার্ভিস সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন