শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

৯৯৯-এ ফোন পেয়ে অভিযান, ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, ওই এলাকার এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মাদ্রাসার এক শিক্ষক ১৭ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন শিক্ষককে আটক করে রাখে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান কলার।

পরে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আল আমিন। বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য্য।

পুলিশ ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ওই ছাত্র হাফেজি সম্পন্ন করার পর কোরআন ভালোভাবে মুখস্থ করার উদ্দেশ্যে প্রায় এক বছর আগে মাদ্রাসাটিতে ভর্তি হয়। অভিযোগ রয়েছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষক রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে তাকে বিভিন্ন সময়ে বলাৎকার করে আসছিলেন।

সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে ওই ছাত্রকে বলাৎকার করা হলে সে অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ করা হয়েছে। পরে তার মা তাকে চিকিৎসার জন্য বাড়িতে নিয়ে যান। এ সময় বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যান। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করে রাখা হয়।

খবর পেয়ে ফতুল্লা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতার রফিকুল ইসলাম মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার বরুনদা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন