বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিইপিজেডে গ্রিল চুরির চেষ্টা, আনসারের ধাওয়ায় মালামাল ফেলে পালাল চক্র

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বাউন্ডারি গ্রিল চুরির চেষ্টা নস্যাৎ করার দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। টহলরত আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দুটি গ্রিল ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা গ্রিল দুটির সম্মিলিত ওজন প্রায় ১০ মণ বলে জানিয়েছে আনসার।

রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে সিইপিজেডের বাউন্ডারি এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রাতে সিইপিজেডের সীমানা এলাকায় প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল দুটি বাউন্ডারি গ্রিল খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টহলরত আনসার সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যান।

আনসারের ভাষ্য, সদস্যরা দলটিকে ধাওয়া করলে তারা গ্রিল দুটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে পিসি ইনচার্জ মো. আইয়ুব আলী ও পিসি মথিশ চন্দ্র সূত্রধরসহ দায়িত্বে থাকা আনসার সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি চালান। এ সময় ফেলে যাওয়া দুটি বাউন্ডারি গ্রিল উদ্ধার করা হয়।

আনসার কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা গ্রিল দুটির আনুমানিক ওজন প্রায় ১০ মণ। পরবর্তী সময়ে সেগুলো সিইপিজেড কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম ইপিজেড দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর একটি। এখানকার শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় অন্যান্য ব্যবস্থার পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানের সম্পদ ও স্থাপনার নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন