রবিবার, ২৩ আগস্ট ২০২৬

রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের রামেক হাসপাতাল পুলিশ বক্সে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে মোবাইল ফোন চুরির ঘটনার পর এ অভিযান চালানো হয়।

আনসার ও ভিডিপি সূত্র জানায়, ১০ নম্বর ওয়ার্ডে থাকা এক রোগীর স্বজনের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর খোঁজাখুঁজি করেও সেটি পাওয়া যায়নি। পরে বিষয়টি হাসপাতালে দায়িত্ব পালনরত আনসার টহল দলকে জানানো হয়।

খবর পেয়ে আনসার সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে সন্দেহভাজনদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে ৫ নম্বর ওয়ার্ডে ছয় নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন বলে দাবি করেছে বাহিনীটি।

এ সময় ধাওয়া করে দুই নারীকে আটক করা হয়। তবে অন্য চারজন পালিয়ে যান।

আটক দুই নারী হলেন মোছা. তাকমিনা খাতুন (৩০) ও মোছা. দীপ্তি খাতুন (৩৮)। আনসার ও ভিডিপির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ১০ নম্বর ওয়ার্ড থেকে মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অভিযানে নেতৃত্ব দেন পিসি মো. মাইনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন আনসার সদস্য মো. রাসেল উদ্দিন ও মো. এরশাদ আলী।

পরে আটক দুই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামেক হাসপাতাল পুলিশ বক্সে হস্তান্তর করা হয়।

আনসার ও ভিডিপি জানিয়েছে, হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ স্থানে রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন