বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরের শিশুর মৃত্যু

রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীরটেক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে মো. মাহিদ ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে হাজারী গলির নূরনবী মুদিখানা দোকানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, বিকেলে শিশুটি ওই এলাকার কাছাকাছি অবস্থান করছিল। এ সময় নির্মাণাধীন ভবনের একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে সে দেয়ালের নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহিদকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা হাবিব হোসেন জানান, তাঁদের গ্রামের বাড়ি ভোলা সদর থানার রতনপুর গ্রামে। বর্তমানে তাঁরা খিলবাড়ীরটেক হাজারী গলির পাশে একটি বাসায় বসবাস করছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নির্মাণস্থলে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন