বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বসিলা ও রায়েরবাজারে ২০২৭ সালের মধ্যে পৃথক দুই থানা: ববি হাজ্জাজ

রাজধানীর ঢাকা-১৩ আসনের বসতি ও জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে বসিলা ও রায়েরবাজারে পৃথক দুটি থানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বসিলা এলাকায় জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সরাসরি যোগাযোগ বাড়াতে আয়োজিত ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুর থানা ঢাকা শহরের অন্যতম ঘনবসতিপূর্ণ ও বড় এলাকার দায়িত্ব পালন করছে। এত বড় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ কারণে বসিলা ও রায়েরবাজারের বাসিন্দাদের জন্য পৃথক দুটি থানা প্রতিষ্ঠার প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে এগুলো কার্যকরভাবে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক মাসে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, কেরানীগঞ্জসহ আশপাশের এলাকা থেকে অপরাধীরা এসে বসিলা বা মোহাম্মদপুরে অপরাধ করে যাতে সহজে পালিয়ে যেতে না পারে, সে জন্য বসিলা ব্রিজ এলাকায় শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মোহাম্মদপুরে শিগগির একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, দেশের কোনো সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়ম নেই। কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ ধরনের পরীক্ষা নিলে তা বেআইনি হবে।

তিনি আরও বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর নিবন্ধন ও আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রতিনিধিদের জনগণের আরও কাছাকাছি যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু অফিসে বসে কিংবা সংসদে কথা বললেই দায়িত্ব শেষ হয় না। মানুষের ঘরে গিয়ে তাদের জীবনযাপনের বাস্তব সমস্যাগুলো জানতে হবে। ঢাকা-১৩ আসনকে নিরাপদ, আধুনিক ও আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা, গ্যাস, পানি, বিদ্যুৎ ও পরিবেশসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন