বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বালুভর্তি বস্তায় বিস্ফোরণ: দগ্ধ হনুফা বেগমের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে বালুভর্তি একটি বস্তায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হনুফা বেগম (৪৫) মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৩ আগস্ট সকালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের সেদিনই ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে আসা জামাল হোসেন জানান, সোমবার সকাল ৭টার দিকে তাদের বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে হনুফা বেগম, তার মেয়ে ইতি আক্তার ও নাতনি ফাহিমার শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

জামাল হোসেন বলেন, বালুভর্তি বস্তার ভেতরে কে বা কারা বিস্ফোরক রেখেছিল, সে বিষয়ে তারা কিছু জানেন না।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, বরিশাল থেকে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে হনুফা বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের মেয়ে ইতি আক্তারের শরীরের ২ শতাংশ এবং নাতনি ফাহিমার শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বালুভর্তি বস্তায় কীভাবে বিস্ফোরণ ঘটল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন