রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফুটপাতের দোকান দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে নিউ মার্কেটের বলাকা সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে ঢাকা কলেজ ছাত্রদলের মোহাম্মদ প্রিন্স (২৫), মোহাম্মদ সুমন (২৪), সাগর খান (২৮), সাইমুন (২৭), জিহাদ (২৭) ও সাগর (২৫) রয়েছেন।
অন্যদিকে নিউ মার্কেট থানা যুবদলের আহতরা হলেন—মোহাম্মদ জাকির (৫০), জাকির হোসেন (৩৮), মোহাম্মদ সুমন (২৮), শাহ আলম (২৮), মোহাম্মদ ইদ্রিস (৪৫) ও রাকিব হোসেন (৩২)। আহতদের সবাইকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়াহিদ ফরাজী অভিযোগ করেন, নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল এবং ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার ও সদস্য সচিব শাহাদাতের নেতৃত্বে মোবাইল সোহেল, চায়না সুমন, আজিমসহ প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে বলাকা সিনেমা হল সংলগ্ন ফুটপাতে তাদের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা চালান।
তিনি বলেন, হামলায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের মধ্যে ১২ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
খবর পেয়ে নিউ মার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা কলেজ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে যুবদলের নেতাকর্মীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

