দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত হাম-সংক্রান্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জন এবং সন্দেহজনক হামে ৭৮২ জনের মৃত্যু হলো।
একই সময়ে নতুন করে ১০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জন।
ঢাকায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৬২ জন মারা গেছেন। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে দুজন করে মারা গেছেন।
অন্যদিকে, সন্দেহজনক হামে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ১২৫, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুরে ১৩ জন সন্দেহজনক হামে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

