মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ধানমন্ডিতে উপড়ে পড়ল বিশাল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার

রাজধানীর ধানমন্ডিতে প্রবল বৃষ্টির মধ্যে একটি বিশাল আকৃতির গাছ উপড়ে পড়ে তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠসংলগ্ন চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে রাজধানীতে প্রবল বৃষ্টি শুরু হয়। এতে বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। এর মধ্যে হঠাৎ ফুটপাতের ওপর থাকা বিশাল আকৃতির গাছটি উপড়ে সড়কের ওপর আছড়ে পড়ে। এ সময় সড়ক দিয়ে চলাচলরত তিনটি প্রাইভেটকার গাছটির নিচে চাপা পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) শুভ্র দেব বলেন, বৃষ্টির কারণে হঠাৎ গাছটি উপড়ে গাড়িগুলোর ওপর পড়ে। এতে গাড়িগুলো দুমড়েমুচড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

তিনি জানান, দুর্ঘটনার পর সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাছটি সরানো এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন