হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বাইরের গোলচত্বর এলাকা থেকে একটি গাড়ি তল্লাশি করে ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা ৪৮ পয়সা।
সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, গাড়িটি আরও ভালোভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, যার মধ্যে একটি নতুন আইফোন-১৭ প্রো ও দুটি ব্যবহৃত ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করা হয়।
পরবর্তীতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কাস্টমস হলে উদ্ধার করা সব পণ্যের ইনভেন্টরি সম্পন্ন করেন।
কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

