রবিবার, ৯ আগস্ট ২০২৬

প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে আম্মানের পথে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব

ঢাকা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি.

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইতোমধ্যে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ৩৩ সদস্যের দল।

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব মুখোমুখি হবে সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলী অব আলেপ্পো এসসি-এর। আগামী ১১ আগস্ট ২০২৬ জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের জন্য এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ একটি ঐতিহাসিক অর্জন। আন্তর্জাতিক পর্যায়ে দেশের ফুটবলের প্রতিনিধিত্ব করার পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের খেলোয়াড়দের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ৩৩ সদস্যের দলটি আজ শনিবার সকাল সাড়ে ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আম্মানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিদায় জানান।

দলটি এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে প্রত্যয়ী।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এই ঐতিহাসিক আন্তর্জাতিক অভিযানের জন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা প্রত্যাশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন