অনুসরণ করুন:
শনিবার, ৮ আগস্ট ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: সাবেক কাউন্সিলর হাবিব গ্রেপ্তার

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৭ আগস্ট) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবিপ্রধান জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে ডিবির একটি দল খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, ‘তিনি মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তে ওই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।

যেভাবে হত্যাকাণ্ড

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুন রাতে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে একটি সালিশ বৈঠকের মধ্যে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় যুবদলের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়।

গ্রেপ্তার ৯, প্রধান অভিযুক্ত জামিনে

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, এজাহারভুক্ত ৯ আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে যাকে উল্লেখ করা হয়েছে, রমনা থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তিনি আগাম জামিনে রয়েছেন বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের পর রমনা থানা পুলিশ জানিয়েছিল, আনারকলি মার্কেটের সামনের ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অসুস্থ হয়ে হাসপাতালে হাবিব

এদিকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে খাজা হাবিবুল্লাহ হাবিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রমনা থানার ডিউটি অফিসার এসআই সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাকে কী অভিযোগে এবং কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে—এ বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই বলে জানান তিনি। পরবর্তীতে বিষয়টি জানানো হবে বলেও জানান এসআই সুশান্ত কুমার।

এ বিষয়ে বক্তব্য জানতে শুক্রবার রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে ফোনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

হাবিবুল্লাহ হাবিবকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিল্লাল হোসেন তালুকদার হত্যা মামলার তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কি না, তা এখন দেখার বিষয়। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন