রাজধানীর তুরাগ এলাকার রুপায়ন সিটির ভেতরে মাদক বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ সজীব (২৭) নামে ওই যুবক তুরাগের ধরঙ্গেরটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের জয়দেবপুরের বাশখাটিয়া এলাকায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রুপায়ন সিটির ভেতরে একটি শ্রমিক মেসের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে অভিযুক্ত রুবেল ও তার কয়েকজন সহযোগী সজীবকে লাঠিসোটা দিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত রুবেল ও নিহত সজীব উভয়েই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিক্রির জন্য দেওয়া গাঁজার অর্থ পরিশোধকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, যা পরে সহিংসতায় রূপ নেয়।
ওসি আরও জানান, হাসপাতাল থেকে মরদেহ বাসায় নিয়ে যাওয়ার পর পুলিশ খবর পেয়ে সেটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত রুবেল ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

