পরিবারের সিদ্ধান্তে নিজের ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি হওয়ার অভিমানে বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশে লঞ্চে রওনা দেওয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সমন্বিত উদ্যোগে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর এলাকার একটি মাদ্রাসার শিক্ষক কবিরুল হক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মাইমুনা (১৩) নামে এক ছাত্রীকে তার অনিচ্ছা সত্ত্বেও মাদ্রাসায় ভর্তি করানো হয়। পরে অভিমান করে সে কাউকে কিছু না জানিয়ে প্রতিষ্ঠান থেকে চলে যায়। পরবর্তীতে জানতে পারেন, কিশোরীটি চাঁদপুর থেকে ঢাকার সদরঘাটগামী ইমাম হাসান নামের একটি লঞ্চে উঠেছে। বিষয়টি জানিয়ে তিনি শিশুটিকে উদ্ধারে সহায়তা চান।
খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ দ্রুত চাঁদপুর সদর নৌ পুলিশ এবং ঢাকা সদরঘাট নৌ পুলিশকে বিষয়টি অবহিত করে। পাশাপাশি উদ্ধার অভিযান সফল করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সার্বক্ষণিক সমন্বয় করা হয়।
পরে লঞ্চটি সদরঘাট টার্মিনালে পৌঁছালে ঢাকা সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা কিশোরীটিকে নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে তাদের কাছে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে মানুষের জানমাল রক্ষা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

