অনুসরণ করুন:
বুধবার, ৫ আগস্ট ২০২৬

দলীয় এমপিদের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জামায়াত আমিরের

দলীয় সংসদ সদস্যদের নৈতিক মান, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনপ্রতিনিধিদের এমন আচরণ করতে হবে, যাতে জনগণের আস্থা অটুট থাকে এবং দলের আদর্শ ও মূল্যবোধের যথাযথ প্রতিফলন ঘটে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে দলের নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব দিকনির্দেশনা দেন। সভায় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণ, দলীয় নীতিমালা অনুসরণ এবং স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের আর্থিক বা ব্যক্তিগত প্রলোভনের কাছে নতি স্বীকার করা যাবে না। দলীয় আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে সবাই সমানভাবে জবাবদিহির আওতায় থাকবেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের বক্তব্য ও অবস্থান যেন তথ্যভিত্তিক ও দায়িত্বশীল হয়। কোনো বিষয়ে পর্যাপ্ত তথ্য ছাড়া সংসদ, গণমাধ্যম বা জনসমক্ষে মন্তব্য না করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

সভায় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, স্থানীয় সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং সেগুলো যথাযথভাবে সংসদে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালি, আইন প্রণয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের আহ্বান জানানো হয়।

সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খল রাখতে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারী, চালক, পিয়নসহ ঘনিষ্ঠ সহযোগীদের তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

দলীয় সূত্রের ভাষ্য, বৈঠকের মূল লক্ষ্য ছিল নবনির্বাচিত সংসদ সদস্যদের নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা, জবাবদিহি ও দায়িত্বশীল নেতৃত্বের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া, যাতে তারা সংসদ ও জনপরিসরে জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর ভূমিকা পালন করতে পারেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন