অনুসরণ করুন:
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আলোচক হিসেবে থাকতে পারেন সাকিব আল হাসান

আগামী ৫ আগস্ট আয়োজিত একটি আন্তর্জাতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই আলোচক প্যানেলে অংশ নিতে পারেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, নয়াদিল্লি থেকে অনুষ্ঠিতব্য এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য দেবেন। প্যানেলে আলোচক হিসেবে আরও থাকার কথা রয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ারের।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাকিব আল হাসানের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও ওই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করলেও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে খুব সীমিত মন্তব্য করেছেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সরাসরি উপস্থিত না থেকে অডিও সংযোগের মাধ্যমে বক্তব্য দেবেন। একই সঙ্গে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কেও বক্তব্য রাখতে পারেন বলে আয়োজক সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ নিশ্চিত করার নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশের হাই কমিশনারকে একাধিকবার একই মঞ্চে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও সাড়া পাওয়া যায়নি। ক্লাবটি তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রেখে অনুষ্ঠান আয়োজন করছে এবং এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কোনো বাধা নেই বলে তিনি উল্লেখ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর তথ্য অনুযায়ী, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা ভার্চুয়ালি প্রশ্ন করার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত যান। পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে এবং বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন