শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু

কাপ্তাই হ্রদে পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টায় গেট খোলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই রাত ৮টায় প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়।

রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। গেট খোলার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল (মিন সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এর আগে শনিবার দুপুরে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপ্তাই হ্রদে পানির সঞ্চয় ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ জুলাই প্রথম ধাপে একইভাবে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। পরে হ্রদের পানি কমে আসায় ২৩ জুলাই জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়।

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের সচল পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

তিনি জানান, স্পিলওয়ে দিয়ে পানি নিষ্কাশন এবং বিদ্যুৎ উৎপাদন—এই দুই প্রক্রিয়ায় বর্তমানে প্রতি সেকেন্ডে মোট প্রায় ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন