শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় তাহিরপুরে আনসার-ভিডিপির উদ্যোগ

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (২৯ আগস্ট) সকালে বাদাঘাট বাজার থেকে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সড়ক পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বাদাঘাট ইউনিয়ন আনসার-ভিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের প্রায় ৩৫ জন ভিডিপি সদস্য ও সদস্যা অংশ নেন।

অভিযান চলাকালে সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে সড়ক ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

ভিডিপি ইউনিয়ন দলনেতা ও রাষ্ট্রপতি গ্রাম প্রতিরক্ষা দল পদক (পিভিএম) প্রাপ্ত শাহ আলীর নেতৃত্বে এবং সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. হযরত আলীর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে স্থানীয় ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সড়কের পাশে পুনরায় যাতে ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে জন্য বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সড়কের পাশে বর্জ্য না ফেলার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ আনসার-ভিডিপির এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের কার্যক্রম স্থানীয় পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনগণের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছে। বাদাঘাটের এ পরিচ্ছন্নতা অভিযানও বাহিনীর জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন