শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সীমান্তে গোলাগুলির পর অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত অবস্থায় বলাই নমশূদ্র (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি চক্র কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় টহল দলের সদস্যরা সন্দেহজনক কয়েকজনকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানিয়েছে বাহিনীটি। পরিস্থিতিতে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় আহত অবস্থায় বলাই নমশূদ্রকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

আটক বলাই নমশূদ্র ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের জিতেন্দ্র নমশূদ্রের ছেলে। প্রাথমিকভাবে বিজিবির ধারণা, তিনি সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।

বিজিবি জানিয়েছে, অভিযানের সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, তিন থেকে চারজনের একটি দল অন্ধকারে কুমারশাইল এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। পরে বিজিবিও পাল্টা গুলি চালায় এবং ধাওয়া করে একজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতেই বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, ভারতীয় নাগরিক আটকের ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় মামলা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন