রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় দশতলা ভবনের ছাদ থেকে পড়ে আদিব আদনান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কেরানী মোড় এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই মৃত ঘোষণা করেন।
মৃতের বড় ভাই রেদোয়ান ফাহিম জানান, তারা ওই ভবনের পাঁচতলায় ভাড়া থাকেন। তাদের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার খন্দকার পাড়া এলাকায়। আদিব শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
রেদোয়ান ফাহিম বলেন, “আমাদের বাসায় একটি বিড়াল আছে। সন্ধ্যায় আদিব সেটি ধরতে দশতলার ছাদে ওঠে। সেখান থেকে হঠাৎ নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “যাত্রাবাড়ী এলাকা থেকে স্বজনরা ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”

