নোয়াখালী, ৩ জুলাই ২০২৫
নোয়াখালীর সেনবাগ থানার পুলিশের অভিযানে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমানের তত্ত্বাবধানে পিএসআই (নিঃ) মো. বেলাল হোসেন, এএসআই (নিঃ) তরুণ কান্তি শর্মা ও সঙ্গীয় ফোর্স ঢাকা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে অপহৃত কিশোরী মোসাঃ নুশরাত জাহান প্রঃ সারা (১৪) এবং ছাব্রিন হাছান (১৪)-কে উদ্ধার করা হয়।
এ সময় অভিযুক্ত অপহরণকারী মো. অপু মিয়া (২০), পিতা-মো. সিরাজ মিয়া, মাতা-ফুল মালা আক্তার, সাং-মির্জাপুর, নয়াহাট, দক্ষিণ সুনামগঞ্জ (বর্তমান ঠিকানা রাজিয়া এয়ার ইন্টারন্যাশনাল, নুরজাহান ট্রেডার্স, পল্টন, ঢাকা)-কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ভিকটিম নুশরাত জাহানের মা মোসাঃ রহিমা আক্তার (৩৫) বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ব্যক্তি কিশোরীদের ফুসলিয়ে অপহরণ করে।
এ ঘটনায় সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত দুই কিশোরীকে আদালতে উপস্থাপন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

