ঢাকা, ১ জুলাই ২০২৫:
ঢাকা মহানগরীর বায়ুদূষণ রোধে অচিরেই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ সংক্রান্ত বিজ্ঞানভিত্তিক সুপারিশের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে, যারা বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুদূষণের উৎস চিহ্নিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইটভাটা নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম, লক্ষীপুরের রামগতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে ইটভাটার কার্যক্রম নিষিদ্ধের প্রস্তাব করা হচ্ছে।”
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণে বিআরটিএ’র সহযোগিতায় অব্যাহত অভিযান চলবে। একইসঙ্গে, যত্রতত্র নির্মাণসামগ্রী রাখা, পার্ক বা উন্মুক্ত স্থানে আগুন দিয়ে বর্জ্য পোড়ানো এবং পাতা পোড়ানো বন্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।
উপদেষ্টা বলেন, “ঢাকা শহরের ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়নে জনগণ ও কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে। নগরীর কোনো স্থান পতিত রাখা যাবে না। যেখানে সম্ভব, সেখানেই গাছ লাগাতে হবে। পাতা পোড়ানোর হটস্পটগুলো চিহ্নিত করে সচেতনতামূলক উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দেওয়া এবং গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে হবে।”
তিনি আমিন বাজার এলাকায় বালু রাখার অনিয়ম বন্ধে দ্রুত অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি গাছ লাগানোর কাজে স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে যুক্ত করতে আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

