তরুণদের মধ্যে সংহতি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের চেতনা বিকাশের লক্ষ্য নিয়ে মরক্কোর ঐতিহাসিক শহর মারাকেশে শুরু হয়েছে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ২০২৫। সোমবার (৩০ জুন) কোভিড-১৯ পরবর্তী মুসলিম বিশ্বের যুবসমাজের চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রেক্ষাপটে সাজানো এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, যুবনেতা, নীতিনির্ধারক এবং কূটনৈতিক প্রতিনিধি অংশ নেন।
বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদ। তিনি বলেন, “বৈশ্বিক যুব সংলাপকে আরও জোরদার করা, সামাজিক উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ বাড়ানো এবং সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে ওআইসি দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি সময়ের দাবি।”
অনুষ্ঠানে বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে নীতিনির্ধারণী আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে যৌথ উদ্যোগের আহ্বান জানানো হয়, যা ভবিষ্যতে ওআইসি প্ল্যাটফর্মে যুব উন্নয়নের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে বাংলাদেশের যুব উন্নয়ন কৌশল, ডিজিটাল রূপান্তরে অগ্রগতি এবং তরুণ নেতৃত্ব বিকাশের সরকারি পদক্ষেপের প্রশংসা করেন অংশগ্রহণকারী প্রতিনিধিরা।
এছাড়া উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, জর্ডান, মৌরিতানিয়া, গাম্বিয়া এবং জিবুতির মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ এবং বাংলাদেশের তরুণদের সক্রিয় ভূমিকার প্রশংসা করা হয়।
ওআইসি প্ল্যাটফর্মের অধীনে যুব সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশাপাশি, তিনি আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে ওআইসিভুক্ত দেশগুলোকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

