অনুসরণ করুন:
সোমবার, ১ জুন ২০২৬

হামে ও হামের উপসর্গে মৃত্যু ৫৮৫ শিশুর, একদিনে আক্রান্ত আরও ১,৩৭৭

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৭৭ শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে আক্রান্ত শিশুদের মধ্যে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি এক হাজার ৩২৪ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকা বিভাগ এবং অন্যজন বরিশাল বিভাগের বাসিন্দা।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে ৪৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭০ হাজার ৯৩৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৫৬ হাজার ৮৮৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে চিকিৎসা শেষে ৫২ হাজার ৮৪১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে একই সময়ে সারা দেশে ৯ হাজার ৪৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক হলেও প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো হাম-রুবেলা টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তারা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন