অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে ওয়াশিংটন ও তেহরান

যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক (মেমো) চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শান্তি প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট একটি পাকিস্তানি সূত্রের বরাতে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়।

সূত্রের দাবি, উভয় পক্ষের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব দ্রুতই এক পৃষ্ঠার একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছানো সম্ভব হতে পারে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-ও একই ধরনের তথ্য প্রকাশ করেছিল।

অ্যাক্সিওসের প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, “আমরা খুব শিগগিরই এটি সম্পন্ন করব। আমরা চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি আছি।”

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই মেমো যুদ্ধ বন্ধের একটি প্রাথমিক কাঠামো হিসেবে কাজ করবে। পরবর্তীতে দীর্ঘমেয়াদি সমাধান, নিরাপত্তা ব্যবস্থা, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

অ্যাক্সিওস আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আশা করছে ওয়াশিংটন। যদিও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে যুদ্ধ শুরুর পর এটিই দুই পক্ষের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ের আলোচনা বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালি-কেন্দ্রিক অনিশ্চয়তা কমে এলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন