বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জ্বালানি নিরাপত্তায় ১ লাখ টন ডিজেল, রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে কৃষি খাতের জন্য রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম বৈঠকে এসব প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ১২টি প্রস্তাব ও একটি প্রেজেন্টেশন উপস্থাপন ও আলোচনা করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং রাশিয়ার JSC Foreign Economic Corporation-এর মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় ১০ম লট হিসেবে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ খাতে ব্যয় হবে প্রায় ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং কৃষি উৎপাদন সচল রাখতে এসব সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন